ডিএনএ পরীক্ষায় নিশ্চিত করা হয়েছে হামাস প্রধান সিনওয়ারের মৃত্যু
ইসমাইল হানিয়ার পর এবার ইয়াহিয়া সিনওয়ারও মারা গেলেন। গাজায় ইসরায়েলি হামলায় হামাস গোষ্ঠীর নতুন প্রধান নিহত হয়েছেন। বৃহস্পতিবার গাজায় ইসরায়েলি সেনারা অভিযান চালায়। সেই হামলায় হামাস প্রধান সিনওয়ারের মৃত্যু হয়। প্রথমে তার মৃত্যুর খবর নিশ্চিত করা সম্ভব হয়নি, তবে পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয় যে, হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার মারা গেছেন। ইসরায়েলের বিদেশমন্ত্রী সরকারিভাবে বিবৃতি দিয়ে তার মৃত্যুর দাবি করেছেন। যদিও হামাসের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
অন্যদিকে, ইসরায়েলের সামরিক বাহিনীর ড্রোন ক্যামেরায় সিনওয়ারের মৃত্যুর আগের মুহূর্তগুলো ধরা পড়েছে। ড্রোনের ধারণ করা ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি সেনাদের হামলায় চারদিকে শুধু ধ্বংসস্তূপ। বাড়ির ভেতরের সবকিছু ধুলায় মিশে গেছে, সবকিছু এলোমেলো। তার মধ্যে এক ব্যক্তি সোফায় বসে কষ্ট পাচ্ছেন। তার মুখ কাপড় দিয়ে ঢাকা, আর সারা শরীর ধুলায় মাখা। দেখে বোঝা যাচ্ছে, শরীরে অনেক আঘাত লেগেছে এবং উঠে দাঁড়ানোর মতো শক্তি নেই। এর মাঝেও তিনি বাঁ-হাত দিয়ে লাঠির মতো কিছু একটা ক্যামেরার দিকে ছুঁড়ে মারেন। তারপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
বৃহস্পতিবার গাজায় একটি ভবনে ইসরায়েলি সেনাদের হামলার পর প্রাথমিকভাবে জানানো হয়, ওই ভবনে তিনজন মারা গেছেন। দাবি করা হয় যে, নিহতদের মধ্যে হামাসের প্রধানও থাকতে পারেন। এরপর নিহত তিনজনের দেহ ডিএনএ পরীক্ষা করা হয়। পরে ইসরায়েলের বিদেশমন্ত্রী বিবৃতি দিয়ে জানান, সেনা অভিযানে হামাস গোষ্ঠীর প্রধান ইসমাইল সিনওয়ার নিহত হয়েছেন। উল্লেখ্য, এর আগেও তার মৃত্যুর খবর নিয়ে একবার গুঞ্জন উঠেছিল, তবে সেইবার তা মিথ্যা প্রমাণিত হয়। হামাস গোষ্ঠীর মধ্যে সিনওয়ারকে অন্যতম শক্তিশালী নেতা মনে করা হতো।

0 Comments